দৈনিক সংবাদ দিগন্ত

নানা বাধা পেরিয়ে আজকের আত্মবিশ্বাসী ইয়ামি গৌতম

টেলিভিশনের পর্দায় শান্ত, লাজুক মুখ হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন ইয়ামি গৌতম। ধারাবাহিক ‘চাঁদ কে পার চলো’ দিয়ে পরিচিতি পাওয়া সেই অভিনেত্রী আজ বলিউডের গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলোর একজন। তবে তাঁর এই পথচলা শুধু সাফল্যের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আত্মবিশ্বাসের সংকট, দ্বিধা ও নিজেকে নতুন করে আবিষ্কারের অভিজ্ঞতা। ২৮ নভেম্বর ইয়ামির জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক তাঁর অভিনয়জীবনের নানা অধ্যায়। হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম ইয়ামির। বেড়ে উঠেছেন চণ্ডীগড়ে মধ্যবিত্ত পরিবারে। স্কুলজীবনে মঞ্চে উঠতে ভয় পেতেন তিনি। অনেক মানুষের সামনে দাঁড়াতেও অস্বস্তি হতো। তবে সিনেমা দেখার পর প্রিয় দৃশ্যগুলো আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করার অভ্যাস ছিল তাঁর। সেখান থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। টেলিভিশন ও বিজ্ঞাপনচিত্রে কাজের পর বড় পর্দায় অভিষেক ঘটে কন্নড় সিনেমার মাধ্যমে। ২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ দিয়ে হিন্দি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনীত ছবিটি সাফল্য পাওয়ার পর পরিচিতি বাড়ে ইয়ামির। তবে প্রথম সাফল্যের পরও নিজের পথ নিয়ে দ্বিধায় পড়েছিলেন এই অভিনেত্রী। আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশএকসময় মনে হয়েছিল, নিজেকেই হারিয়ে ফেলেছেন। কী ধরনের কাজ করবেন, অভিনয়জীবনকে কোন পথে এগিয়ে নেবেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে হয়েছে তাঁকে। নিজের শহর ছেড়ে মুম্বাই আসার উদ্দেশ্যও নতুন করে উপলব্ধি করেছেন।পরবর্তী সময়ে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বালা’ ও ‘থার্সডে’ সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দেন ইয়ামি। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় এনআইএ কর্মকর্তার চরিত্রেও প্রশংসা পান। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ২০২১ সালের জুনে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার সেটে তাঁদের পরিচয় ও সম্পর্কের শুরু। সম্প্রতি সুপর্ণ ভার্মার ‘হক’ সিনেমায় সাহো বানু বেগমের চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন তিনি। ১৯৮৫ সালের ঐতিহাসিক সাহো বানু বেগম মামলার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমরান হাশমি। টেলিভিশনের লাজুক মুখ থেকে আত্মবিশ্বাসী ও পরিণত অভিনেত্রী হয়ে ওঠার পথে নানা বাধা পেরিয়েছেন ইয়ামি। প্রচারের চেয়ে কাজকে গুরুত্ব দেওয়ার মানসিকতা নিয়েই নিজের অবস্থান শক্ত করেছেন বলিউডে।

নানা বাধা পেরিয়ে আজকের আত্মবিশ্বাসী ইয়ামি গৌতম