নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় কনস্টেবল আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলাও হয়নি। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য হাসেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার হোসেন ও এএসআই আব্দুল সাত্তার। এ সময় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি দলের সদস্যরা তাঁদের চিনে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।আরও পড়ুন, গুলশান-বনানীতে স্পা সেন্টারের আড়ালে কী চলছে নিহতের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, আনোয়ার পরিবারের সবার আদরের ছিলেন। তাঁর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। আনোয়ারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।