১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের করাচিতে একই টেস্টে অভিষেক হয়েছিল আধুনিক ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনিসের। একজন ব্যাট হাতে, অন্যজন গতির ঝড় তুলে বল হাতে সেদিন থেকেই শুরু হয়েছিল দুই ভিন্নধর্মী ক্রিকেট প্রতিভার আন্তর্জাতিক যাত্রা। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩৭ বছর। অভিষেকের দিন টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন, আর ওয়াকারের ১৭ বছর ৩৬৪ দিন। প্রথম ইনিংসে ওয়াকারের গতিময় বোলিংয়ের সামনে ২৪ বলে ১৫ রান করে বোল্ড হন টেন্ডুলকার। তবে ওই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল দুটি দৃষ্টিনন্দন অন ড্রাইভের চার। সিরিজের পরের দুই টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি ওয়াকার। অন্যদিকে টেন্ডুলকার খেলেন এবং দ্বিতীয় টেস্টেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট অর্ধশতক। সিরিজের শেষ টেস্টে শিয়ালকোটে আবার মুখোমুখি হন দুজন। সেখানেই ঘটে স্মরণীয় ঘটনা। ওয়াকারের বাউন্সার আঘাত করে টেন্ডুলকারের নাকে। রক্তাক্ত অবস্থায় নাক মুছে ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিশোর ব্যাটসম্যান। পরের বলেই মারেন বাউন্ডারি। ওই ঘটনা ওয়াকারকে বুঝিয়ে দিয়েছিল, বয়সে ছোট হলেও টেন্ডুলকার ছিলেন অন্য ধাতুতে গড়া। ভবিষ্যতে দুজনের লড়াই আরও বহুবার দেখার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু টেস্ট ক্রিকেটে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ১৯৮৯ সালের সিরিজের পর ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজে আবার মুখোমুখি হন তাঁরা। আরও পড়ুন,শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতঅর্থাৎ টেস্টে দুই গ্রেটের লড়াই সীমাবদ্ধ ছিল মাত্র চার ম্যাচে। অথচ নব্বইয়ের দশকে টেন্ডুলকার যখন ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে, তখন পাকিস্তানের পেস আক্রমণে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস ছিলেন ভয়ংকর। রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনে সেই কাঙ্ক্ষিত দ্বৈরথ নিয়মিত দেখা যায়নি। ওয়ানডেতে অবশ্য ২৩ ম্যাচে একে অপরের প্রতিপক্ষ হয়েছেন তাঁরা। ওয়াকার চারবার আউট করেছেন টেন্ডুলকারকে। ওই ম্যাচগুলোতে টেন্ডুলকারের সংগ্রহ ৭৮০ রান, যার মধ্যে দুটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক। অন্যদিকে ওয়াকার নিয়েছেন ৩৬ উইকেট। তবে পরিসংখ্যান দিয়ে দুই কিংবদন্তির লড়াইয়ের পূর্ণ মূল্যায়ন সম্ভব নয়। একই দিনে একই টেস্টে অভিষেক হওয়া দুই ক্রিকেটারের গল্প ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। তাঁদের ক্যারিয়ারের অসাধারণ অর্জনের পাশাপাশি বড় আক্ষেপ হয়ে আছে সেরা সময়ে টেন্ডুলকার ও ওয়াকারের আরও বেশি টেস্ট-লড়াই দেখার সুযোগ পায়নি ক্রিকেটবিশ্ব।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।