ইয়াবাসহ আটক ‘মাদক ব্যবসায়ী’ শাহীন, রয়েছে ৮টি মাদক মামলা
জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ মোঃ শাহীন মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পুলিশের দাবি, আটক শাহীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও আটটি মাদক মামলা রয়েছে।বুধবার (১২ আগস্ট) রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বড় মানিক বাজার এলাকায় অভিযান চালায় পাঁচবিবি থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম।পুলিশ জানায়, বড় মানিক বাজারে শাহাবুল ইসলামের চায়ের দোকানের সামনে শাহীন মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তার দেহ তল্লাশি করে। এ সময় তার পকেট থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।আরও পড়ুন, টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তারআটক শাহীন মিয়া উপজেলার ছোট মানিক গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে।পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, থানায় খোঁজ নিয়ে জানা গেছে, শাহীনের বিরুদ্ধে এর আগেও আটটি মাদক মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, শাহীনের মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ক্ষতির মুখে পড়ছে। তারা মাদক ব্যবসার বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় আটক শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।