মিঠাপুকুর শঠিবাড়ীতে মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র শঠিবাড়ী বাজারে তীব্র যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ ২২ জুন বিকেলে বড়দরগা হাইওয়ে পুলিশ এবং মিঠাপুকুর থানা পুলিশের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানে বড়দরগা হাইওয়ে পুলিশের পক্ষে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন এবং মিঠাপুকুর থানা পুলিশের পক্ষে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শঠিবাড়ী বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশ দখল করে দীর্ঘদিন ধরে একশ্রেণীর ব্যবসায়ী অবৈধভাবে ভাসমান দোকান পরিচালনা করে আসছিলেন। এর ফলে এই ব্যস্ততম এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো।আরও পড়ুন, মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজ ছাত্রর একই সঙ্গে মহাসড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে এসব দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে।ভুক্তভোগী জনমানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ বিকেলে পুলিশ প্রশাসনের এই দুই কর্মকর্তার নেতৃত্বে যৌথ বাহিনী বাজারে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানকালে মহাসড়কের ওপর থাকা সব ধরনের অবৈধ ভাসমান ও অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন 'নিরাপদ শঠিবাড়ী চাই' সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন নাগরিক সমাজ।অভিযান শেষে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, মহাসড়কে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ এবং তীব্র যানজট প্রতিরোধে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।