ইরানের ওপর ইসরায়েল হামলা চালালে লেবানন, সিরিয়া ও গাজাকে সম্পৃক্ত করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) সামরিক গোয়েন্দা কর্মকর্তারা। গত সপ্তাহে নেতানিয়াহু ও জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আলোচনার মধ্যেই গোয়েন্দা কর্মকর্তারা এ মূল্যায়ন তুলে ধরেন। তাঁদের আশঙ্কা, ইসরায়েলি হামলায় একাধিক যুদ্ধক্ষেত্র সক্রিয় হয়ে উঠতে পারে। অথচ নেতানিয়াহু ও মোসাদপ্রধান রোমান গফম্যানের ধারণা ছিল, অভিযানটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হতে পারে। আরও পড়ুন,বাহরাইনের আকাশে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগত ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ইরানের হুমকি বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠেছে। এমনকি বিকল্প সরকার গঠনের সম্ভাবনা ঠেকাতে তিনি সামরিক হামলার পক্ষে চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ রয়েছে। ইরানে হামলার বিষয়ে বিরোধী রাজনীতিক আভিগদর লিবারম্যানও সতর্ক করেছেন। তাঁর আশঙ্কা, মার্কিন সম্পৃক্ততা বা অনুমোদন ছাড়াই নেতানিয়াহু একতরফা হামলার কথা ভাবতে পারেন। নেসেটের অস্থায়ী পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান লিবারম্যান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের যেকোনো হামলা হবে অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রুদ্ধদ্বার বৈঠকের বিষয়ে চ্যানেল ১২-এর কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আইডিএফ। এদিকে সরকারি সম্প্রচারমাধ্যম কান নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যত দ্রুত সম্ভব ইরানে হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। তবে ট্রাম্প এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেননি এবং নতুন অভিযান শুরুর ব্যাপারে অনাগ্রহী।রোববার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, নতুন বছরের আগে কোনো চুক্তি না হলে তিনি ইরানের বিরুদ্ধে আরেকটি অভিযান শুরুর পক্ষে।আরও পড়ুন,বাহরাইনের আকাশে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাঁর অভিযোগ, ইরান গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে আগ্রহ দেখাচ্ছে না এবং আরও আগ্রাসী আচরণ করছে। এর আগে শুক্রবারও তিনি বলেছিলেন, ইরান চুক্তি করতে চাইলেও তাদের প্রস্তাবিত শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। প্রায় নয় মাস ধরে চলা সংঘাতের প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু হতে পারে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।