দৈনিক সংবাদ দিগন্ত

অনুমোদন ছাড়া ডিজিটাল লেনদেন, ২২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)কেও জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্রতিষ্ঠান শনাক্ত করে। রোববার বিটিআরসিকে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ সরিয়ে নেওয়া এবং সেগুলো স্থায়ীভাবে বন্ধের অনুরোধ জানানো হয়েছে।লাইসেন্সবিহীন শনাক্ত প্রতিষ্ঠানগুলো হলো—বহুদূর পে, জিনিপে, পে-টিলার, বেঙলি পে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটি পে, ইজিপে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়াপে।কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানিয়েছে, আরও  পড়ুন, এলপিজি সংকটে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়ালবাংলাদেশ ব্যাংকের অনুমতি বা লাইসেন্স ছাড়া এ ধরনের পেমেন্ট কার্যক্রম পরিচালনা করা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের বিষয়ে গ্রাহকদের সতর্ক করা হচ্ছে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ব্যবহারকারী প্রতারণার শিকার হলে তার দায় বাংলাদেশ ব্যাংক নেবে না। এ কারণে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে নিতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে।পেমেন্ট অ্যাগ্রিগেটর মূলত ব্যবসায়ীদের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুযোগ করে দেয়। তবে অননুমোদিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়ন্ত্রক নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনার সুরক্ষা না থাকায় গ্রাহক ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে।বিশেষজ্ঞদের মতে, একটি পেমেন্ট অ্যাগ্রিগেটরের মাধ্যমে বিপুলসংখ্যক ব্যবসায়ীর লেনদেন হতে পারে। ফলে কোনো অননুমোদিত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে গ্রাহক ও ব্যবসায়ীদের অর্থ আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত ও লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সেবা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুমোদন ছাড়া ডিজিটাল লেনদেন, ২২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি