ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অধিকাংশ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি ইট পোড়ানোর কাজে কয়লার পরিবর্তে অবাধে ব্যবহার করা হচ্ছে কাঠ। এতে পরিবেশ দূষণ, বনজ সম্পদ ধ্বংস এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগ রয়েছে, জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ইটভাটাগুলোর মধ্যে অনেকগুলোর প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ও ছাড়পত্র নেই। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও বিধিনিষেধ মেনে ইটভাটা পরিচালনার কথা থাকলেও কিছু ভাটায় এসব নিয়ম মানা হচ্ছে না বলে স্থানীয়দের দাবি। এদিকে ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করায় আশপাশের এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এতে বায়ুদূষণের পাশাপাশি শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ভাটার ধোঁয়া ও ছাইয়ের কারণে ফসলি জমি, গাছপালা এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।আরও পড়ুন, আইডিয়াল ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বিজয়ী তাহসীন তারেক ফারাবী স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকায় কিছু ইটভাটা মালিক নিজেদের ইচ্ছামতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে পরিবেশ রক্ষার আইন ও বিধিমালা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের দাবি, জেলার সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বৈধ লাইসেন্স এবং জ্বালানি ব্যবহারের বিষয়টি জরুরি ভিত্তিতে যাচাই করতে হবে। যেসব ইটভাটা আইন অমান্য করে পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কাঠ দিয়ে ইট পোড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।