দৈনিক সংবাদ দিগন্ত

ঈশ্বরদীতে গুলি ও অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার বিকেলে একই এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের গুলিতে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পদ্মা নদীর বালুমহাল নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছে। আরও পড়ুন,সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবিএর জেরে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে। গুলির ঘটনার পর রাতে সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক এবং জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। একপর্যায়ে বাড়িগুলোতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন। পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খানও জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে হামলা ও লুটপাটের অভিযোগ করেন। আরও পড়ুন,নাশকতা মোকাবিলায় গণতান্ত্রিক পথ অনুসরণের দাবি রিজভীরঅন্যদিকে জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা ও গুলি চালিয়েছেন। তাঁদের ভাষ্য, পদ্মার বালু ব্যবসার বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত; জামায়াতের সঙ্গে তাঁদের বিরোধ নেই। জাকারিয়া পিন্টু বলেন, তিনি ঢাকায় অবস্থান করায় ঘটনা সম্পর্কে সরাসরি কিছু জানেন না। তবে পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এসব ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। জামায়াতের বাড়িতে হামলার বিষয়েও তাঁর জানা নেই। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানের দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়; বালুমহালের বিরোধ থেকেই এর সূত্রপাত। ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। গুলি ও অগ্নিসংযোগের ঘটনা দুটি তদন্ত করছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।

ঈশ্বরদীতে গুলি ও অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ