জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে মানুষ লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ কোনোভাবেই লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। ভবিষ্যতে প্রতিটি অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। মঙ্গলবার ২০ অক্টোবর চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, মানুষের ওপর জুলুম করা, মানুষের অধিকার হরণ করা এবং অন্যের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়ার পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না। প্রত্যেককে নিজ নিজ কর্মকাণ্ডের জবাব দিতে হবে। তিনি অতীতের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জামায়াতের আমির দাবি করেন, গত ১৭ বছরে দলটির নেতাকর্মীরা বিভিন্ন মাত্রার জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আরও পড়ুন,রাজশাহীতে আখচাষীদের পাশে সরকারতাঁর ভাষ্য অনুযায়ী, দলটির শীর্ষস্থানীয় ১২ জন নেতাকে নানা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে অসংখ্য নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। সম্মেলনে প্রাক্তন সাথী-সদস্যদের উদ্দেশে জামায়াত আমির হালাল পথে জীবিকা অর্জন এবং সততা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, কথার প্রতিযোগিতায় না গিয়ে আদর্শ, নৈতিকতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের আন্দোলনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য ব্যক্তিগত লাভ নয়; বরং আদর্শিক বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, প্রাক্তন সাথী-সদস্যদের সম্মেলন কেবল পুনর্মিলনের আয়োজন নয়; বরং দেশের প্রয়োজনে ও সংকটকালে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।