দৈনিক সংবাদ দিগন্ত

টানা বৃষ্টিতে লামার কিল্লাছড়া-বটতলী সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন; দুর্ভোগে কয়েকশ মানুষ

টানা চার থেকে পাঁচ দিনের ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের কিল্লাছড়া-বটতলী পাড়া হয়ে আন্ধারী এলাকার একমাত্র সংযোগ সড়কের একটি সেতু ধসে পড়েছে। এতে কয়েকটি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে সেতুর নিচের মাটি নরম হয়ে ভিত্তি দেবে যায়। একপর্যায়ে সেতুটি ধসে পড়ে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।স্থানীয় বাসিন্দা সাংবাদিক মো সবুজ বলেন, “এই সেতুই আমাদের একমাত্র ভরসা। এটি ভেঙে যাওয়ায় বাজারে যাওয়া, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়া খুবই কষ্টকর হয়ে পড়েছে।”আরেক বাসিন্দা মো. নুরুল আলম বলেন, “প্রতিদিন শিশু, নারী ও বৃদ্ধদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”আরও  পড়ুন, লামায় পাহাড়ধসে নিহত পাঁচ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণস্থানীয় গৃহিণী রহিমা বেগম বলেন, “আমাদের সন্তানদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। জরুরি প্রয়োজনে কোথাও যাওয়া যাচ্ছে না। দ্রুত সেতুটি সংস্কার করা প্রয়োজন।”এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। টানা বর্ষণের ফলে শেষ পর্যন্ত এটি ধসে পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট সড়ক বিভাগ, জেলা প্রশাসক ও বান্দরবান জেলা পরিষদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান।এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগের অবসান হবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হবে।

 টানা বৃষ্টিতে লামার কিল্লাছড়া-বটতলী সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন; দুর্ভোগে কয়েকশ মানুষ