‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারেন না বলিউড অভিনেতা রণবীর কাপুর। সহ-অভিনেত্রীর সততা ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি জানিয়েছেন, সাই পল্লবীর সঙ্গে একই পর্দায় কাজ করার সুযোগ পাওয়া যেকোনো অভিনেতার জন্যই সৌভাগ্যের বিষয়। নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। অন্যদিকে সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। আর রাবণের চরিত্রে অভিনয় করছেন কন্নড় সুপারস্টার যশ। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যে সাই পল্লবীকে নিয়ে রণবীরের এই প্রশংসা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি তেলুগু টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা উইথ জগপতি’র দ্বিতীয় মৌসুমের প্রথম অতিথি হিসেবে হাজির হওয়ার কথা রয়েছে সাই পল্লবীর। আরও পড়ুন,টেলিভিশনের ইতিহাস বদলে দেওয়া লুসির গল্পআগামী ১৬ অক্টোবর তেলুগু জি৫-এ শুরু হতে যাওয়া এই পর্বের প্রচারের জন্য প্রকাশিত একটি প্রোমোতে রণবীর কাপুরের ভিডিও বার্তা দেখানো হয়। সেই ভিডিও বার্তায় রণবীর বলেন, সাই পল্লবীর যে বিষয়টি তাঁর সবচেয়ে ভালো লাগে, তা হলো তাঁর সততা। সাইয়ের মতো একজন সহ-অভিনেত্রীর সঙ্গে একই দৃশ্যে কাজ করার সুযোগ পেলে যেকোনো অভিনেতাই নিজেকে ভাগ্যবান মনে করবেন। সীতার চরিত্রে সাইকে ছাড়া অন্য কাউকে তিনি কল্পনাও করতে পারেন না বলেও জানান রণবীর। এ সময় দর্শক সাই পল্লবীকে এক নতুন রূপে দেখতে পাবেন উল্লেখ করে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন বলেও জানান তিনি। শুধু সাই পল্লবীর প্রশংসাই নয়, তেলুগুভাষী দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রণবীর। তেলুগু ভাষায় তিনি দর্শকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। রণবীরের এই আন্তরিক বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাই পল্লবী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কত মিষ্টি!’ জানা গেছে, ‘রামায়ণ’ সিনেমাটি দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্বটি ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। আর দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা আগামী বছরের দীপাবলিতে। রাম-সীতা-রাবণের পৌরাণিক কাহিনি নতুনভাবে বড় পর্দায় তুলে ধরার এই আয়োজন নিয়ে এখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।