দৈনিক সংবাদ দিগন্ত

ভারতের অনুরোধে সাড়া না দেওয়ার সিদ্ধান্তে অটল মালয়েশিয়া

ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি মালয়েশিয়া সরকার। বরং তাঁকে প্রত্যর্পণ না করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস। দেশটির পার্লামেন্টে লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারত থেকে নতুন কোনো আনুষ্ঠানিক আবেদনও পায়নি মালয়েশিয়া। পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের পক্ষ থেকে সর্বশেষ প্রত্যর্পণ আবেদনের সময় এবং দেশটির দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার আইন ও দ্বিপক্ষীয় চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও ব্যাখ্যা দেন।আরও পড়ুন,প্রথম নারী গভর্নর পেতে যাচ্ছে ওহাইও প্রতিবেদন অনুযায়ী, ভারত ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছে বলে সংবাদ প্রকাশিত হওয়ার পর মালয়েশিয়ার বিরোধী দলের নেতারা এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন। দুই নেতার বৈঠকে কোনো সমঝোতা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ভারত জাকির নায়েককে ফেরত চেয়ে আসছে। তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, তাঁকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে দেশটির সরকার কোনো প্রতিশ্রুতি দেয়নি।

ভারতের অনুরোধে সাড়া না দেওয়ার সিদ্ধান্তে অটল মালয়েশিয়া