গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা, মহাসড়ক অবরোধে দীর্ঘ যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় আড়াই ঘণ্টা চলা এই কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরের দিগারকান্দা এলাকায় চালকেরা মহাসড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, কয়েক দিন ধরে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। ফলে প্রতিদিনের আয় কমে যাওয়ায় জীবিকা হুমকির মুখে পড়েছে।বিক্ষোভে অংশ নেওয়া চালকেরা জানান, গ্যাস সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। আরও পড়ুন, হাজীর মাজার বস্তিতে জিএমপির অভিযান, বিচ্ছিন্ন অবৈধ বিদ্যুৎ-ইন্টারনেট লাইনঅনেক যাত্রী বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।চালক ইদ্রিস আলী বলেন, গ্যাসের জন্য অপেক্ষা করতেই দিনের অর্ধেক সময় চলে যায়। এতে আগের মতো ট্রিপ দেওয়া সম্ভব হয় না এবং আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।আরেক চালক ইকবাল হোসাইন বলেন, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় শুধু চালকরাই নয়, সাধারণ যাত্রীরাও নির্ভরযোগ্য পরিবহনসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তিনি।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। পরে দুপুর ১২টার দিকে চালকেরা মহাসড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।