নজরুলের সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দিতে গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ।বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা রয়েছে।আরও পড়ুন, খাগড়াছড়িতে নজরুল বর্ষ ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনতাঁরা বলেন, নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমও গড়ে ওঠে।বক্তারা আরও বলেন, নজরুলের সাম্য ও মানবতার আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য ও সংগীতের প্রতি আগ্রহ বাড়বে এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাবলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া শাখার সেক্রেটারি ইউনুস আলী, গণঅধিকার পরিষদ গঙ্গাচড়া উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেব, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর রহমান ও উপজেলা জাসাস সভাপতি জাহানুর ইসলামসহ অনেকে।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।