জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।’ প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি দলের ভেতরে ভিন্ন অবস্থান নিয়েছিলেন বলেও জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোট গঠনের জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে বলেও তিনি সে সময় সতর্ক করেছিলেন। সামান্তা শারমিনের পদত্যাগের পেছনে দলের রাজনৈতিক অবস্থান ও আদর্শিক মতপার্থক্যের বিষয়টি তাঁর বক্তব্যে উঠে এসেছে। তিনি জানান, গত ১১ মাস ধরে দলের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি দলের ভেতরে আলোচনা, বিতর্ক ও মতবিনিময়ের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন।আরও পড়ুন, নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতিরতাঁর ভাষ্য, দল ভুল পথে পরিচালিত হলে তা থেকে দলকে ফিরিয়ে আনার চেষ্টা করা রাজনৈতিক দায়িত্ব বলে মনে করেছিলেন তিনি। এ কারণে এনসিপির অভ্যন্তরে আদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তবে প্রায় এক বছরের সেই প্রচেষ্টার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত ২৩ অক্টোবর এনসিপি ঘোষিত নতুন কমিটিতে সামান্তা শারমিনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এর আগে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নতুন কমিটিতে তাঁর পদাবনতি হয়েছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এ বিষয়ে তিনি দীর্ঘ ফেসবুক পোস্টেও নিজের অবস্থান তুলে ধরেছিলেন। পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যায় সামান্তা আরও বলেন, এনসিপি কখনো জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলেও পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে বলে তিনি মনে করেন না। তিনি আরও লেখেন, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হওয়ার পরিবর্তে বাধা হয়ে দাঁড়াবে। এতদিন দলের সঙ্গে তাঁর যেসব মতপার্থক্য ও আলোচনা হয়েছে, সেগুলো দলের নেতাকর্মী এবং দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।