শেফিল্ডে ফিরেই একাদশে হামজা ৩-২ গোলে রোমাঞ্চকর জয়
শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে ফেরার পরদিনই মাঠে নেমে পড়লেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। শুধু মাঠেই নামেননি, বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে দলটির প্রথম একাদশেও জায়গা করে নেন তিনি। আর হামজার প্রত্যাবর্তনের ম্যাচেই ব্র্যামল লেনে রোমাঞ্চকর জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেড।চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি বাংলাদেশের সমর্থকদের জন্যও ছিল বাড়তি আকর্ষণের। কারণ, মাঠে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ও শ্রীলঙ্কান বংশোদ্ভূত বোল্টনের মিডফিল্ডার জাভিয়ের সিমন্স।তবে ম্যাচের শুরুটা হামজার জন্য ছিল হতাশার। প্রথম মিনিটেই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা বোল্টনের থিয়েরি গ্যালেকে আটকাতে পারেননি তিনি। গ্যালের ক্রস থেকে ফিরতি বলে গোল করে বোল্টনকে এগিয়ে দেন জাভিয়ের সিমন্স।তবে দ্রুতই ম্যাচে ফেরে শেফিল্ড। মাত্র তিন মিনিট পর জাফেট ট্যানগ্যাঙ্গার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হামজা। রাইটব্যাক পজিশনে খেলানো এই বাংলাদেশি ফুটবলারকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টারও খুব একটা সন্তুষ্ট ছিল না। তাদের রেটিংয়ে হামজা পেয়েছেন ১০-এর মধ্যে ৫।দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়ে শেফিল্ড। আড়ও পড়ুন,এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত, ২৫ অক্টোবর মুখোমুখি রিয়াল-বার্সা৬৭ মিনিটে বোল্টন গোল করে এগিয়ে গেলেও সেই ব্যবধান স্থায়ী হয় মাত্র এক মিনিট। পরের মিনিটেই প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে আবারও সমতায় ফেরে স্বাগতিকরা।শেষ পর্যন্ত নাটকীয়তা জমে ওঠে যোগ করা সময়ে। ৯০ মিনিটের পর তৃতীয় মিনিটে রোমেল ডনোভানের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শেফিল্ড ইউনাইটেড।জয়ের পর হামজা বলেন, ব্র্যামল লেনে ফিরতে পেরে তাঁর ভালো লাগছে। প্রথম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও সতীর্থরা সাহসের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বলেও জানান তিনি।লেস্টার সিটিতে দীর্ঘ ২১ বছর কাটানোর পর গত ৩১ আগস্ট স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন হামজা। গত মৌসুমে ধারে দলটির হয়ে ১৯ ম্যাচ খেলে প্লে-অফ ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবার স্থায়ীভাবে ফেরার প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশের এই তারকা।