দৈনিক সংবাদ দিগন্ত

পেনাল্টি শুটআউট নিয়ে বিরোধ, পাবনার বেড়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ

পাবনার বেড়া পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় অন্তত ১৫টি দোকান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেড়া পৌর এলাকার নাজিম বাজারে এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।স্থানীয় সূত্রে জানা যায়, বেড়া বিবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেশ কিছুদিন ধরে ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলছিল। রোববার পৌরসভার ২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফল নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় কয়েকটি দোকানে অগ্নিসংযোগ এবং অন্তত ১৫টি দোকান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়।আরও পড়ুন. মরণফাঁদ আমানিপুর ব্রিজ ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীসংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে অনেকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের নাম-পরিচয় ও সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেড়া মডেল থানার পুলিশের পাশাপাশি সাঁথিয়া ও সুজানগর থানা এবং পাবনা পুলিশ লাইনসের সদস্যরা অংশ নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা জানান, সংঘর্ষের খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পেনাল্টি শুটআউট নিয়ে বিরোধ, পাবনার বেড়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ