সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের নিচে একই পরিবারের তিনজন নিহত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় এক দম্পতি ও তাদের আট মাস বয়সী শিশুসন্তান নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের রাকিব হাসান (৪২), তার স্ত্রী বিথী আক্তার (২৭) এবং তাদের আট মাস বয়সী সন্তান নুর। রাকিব স্থানীয় একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। পরিবারটি শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।আরও পড়ুন, মেহেন্দিগঞ্জে লুডু খেলায় তর্ক, হাতুড়িপেটায় যুবকের মৃত্যুদুর্ঘটনায় ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিবকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও তার মৃত্যু হয়।নিহতের স্বজনদের দাবি, দুর্ঘটনার মুহূর্তে শিশুটি মায়ের কোলে ছিল। সংঘর্ষের সময় সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়িসহ পালিয়ে যান। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।