দৈনিক সংবাদ দিগন্ত

রেকর্ড গড়ার রাতে বার্সেলোনার বড় জয়

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রতিযোগিতাটিতে ২০ বছর বয়সের আগে সর্বোচ্চ গোল করা ফুটবলার হয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করে এই রেকর্ড গড়েন ১৯ বছর বয়সী ইয়ামাল। স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান এই স্প্যানিশ তারকা। এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। এর আগে ১৩ গোল নিয়ে রেকর্ডটি ছিল কিলিয়ান এমবাপ্পের দখলে। তবে পুরো চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে এমবাপ্পের গোলসংখ্যা এখন ৭২। মাত্র ৩৭ ম্যাচ খেলেই ১৪ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইয়ামাল। আরও পড়ুন,মুস্তাফিজকে পেয়ে খুশি মেলবোর্ন কোচপ্রতিযোগিতাটিতে বয়সভিত্তিক আরও বেশ কয়েকটি রেকর্ড রয়েছে তাঁর দখলে। ১৬ বছর ৮৩ দিন বয়সে পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় তাঁর। সবচেয়ে কম বয়সে ম্যাচের শুরুর একাদশে খেলার কীর্তিও রয়েছে এই ফরোয়ার্ডের। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্ট করা এবং সেমিফাইনালে গোল করার রেকর্ডও রয়েছে ইয়ামালের। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইয়ামালের গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রাফিনিয়া। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই হারের মধ্য দিয়ে চলতি লিগ পর্বে প্রথমবার পয়েন্ট হারায় অ্যাস্টন ভিলা। অন্যদিকে, জয়ের সুবাদে সাময়িকভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে বার্সেলোনা। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১১টি গোল করিয়েছেন তিনি। সম্প্রতি ব্যালন ডি'অর পুরস্কারে তৃতীয় স্থান অর্জন করেছেন বার্সেলোনার এই তরুণ তারকা।

রেকর্ড গড়ার রাতে বার্সেলোনার বড় জয়