ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার করল র্যাব-৫
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৫। রাজশাহী মহানগরসহ দায়িত্বপূর্ণ পাঁচ জেলা—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।আরও পড়ুন, অলস স্বভাবের ষাঁড়, নাম তার ‘কমিশনার’মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে রাজশাহীর সিটিহাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমান। তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধচক্রের শিকার না হন, সে লক্ষ্যে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং চালানো হচ্ছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন ও চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হয়েছে। হাটে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে।আরও পড়ুন, কোরবানির স্বপ্ন ভেঙে চুরমার: এক রাতেই চুরি হলো দম্পতির পালিত গরুতাপপ্রবাহ ও জনস্বাস্থ্য বিবেচনায় সিটি হাটে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি রোধে বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বলেও জানানো হয়। গুজব শনাক্ত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।আরও পড়ুন, চাটখিলে হাট মাতাচ্ছে ‘নোয়াখালীর বস’, দাম হাঁকা ১০ লাখ টাকা
র্যাব-৫ অধিনায়ক বলেন, ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ র্যাব ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।