মেসির সামনে ১৩ বছরের পুরোনো দুঃস্বপ্ন, জয়হীনতার রেকর্ড ছোঁয়ার শঙ্কা
গোল করছেন, ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন—তবুও জয় যেন ধরা দিচ্ছে না লিওনেল মেসির ইন্টার মায়ামির। টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে টানা পাঁচ ম্যাচ জয়হীন দলটি। এই খারাপ সময়ে মেসির ব্যক্তিগত পারফরম্যান্সও যেন ম্লান হয়ে যাচ্ছে।সবশেষ ম্যাচে টরন্টোর বিপক্ষে মেসি ৮২তম মিনিটে গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে এমএলএসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। তবে দলের টানা ব্যর্থতায় বাড়ছে চাপ।এরই মধ্যে সামনে এসেছে মেসির ক্যারিয়ারের একটি অস্বস্তিকর পরিসংখ্যান। ২০১৩ সালে বার্সেলোনার হয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার ইন্টার মায়ামির হয়ে সেই রেকর্ড ইতোমধ্যে ছুঁয়ে ফেলেছেন তিনি।আরও পড়ুন, টানা তিন জয়ের পর হারল বাংলাদেশ এইচপিআগামী ম্যাচে মায়ামির প্রতিপক্ষ সিএফ মন্ট্রিয়েল। ২৯ আগস্টের ওই ম্যাচে জয় পেলে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে দলটি। আর হার বা ড্র হলে জয়হীনতার এই সংকট আরও গভীর হবে।দলের দুর্দশার দায়ও নিজের কাঁধে নিয়েছেন কোচ গিয়ের্মো হোয়োস। টরন্টোর কাছে হারের পর তিনি জানান, দলের বর্তমান পরিস্থিতির জন্য তিনি ব্যক্তিগতভাবে দায় নিচ্ছেন।তবে মায়ামির জন্য ঘুরে দাঁড়ানোর নজির নতুন নয়। এর আগেও চার ম্যাচ জয়হীন থাকার পর টানা পাঁচ জয়ে সংকট কাটিয়ে উঠেছিল দলটি।এবারও সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় মেসি ও ইন্টার মায়ামি। মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়—দলটির ঘুরে দাঁড়ানোর পাশাপাশি মেসির ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়খরার অস্বস্তিকর স্মৃতি থেকে বেরিয়ে আসারও বড় সুযোগ।