দৈনিক সংবাদ দিগন্ত

ঈদযাত্রায় সায়েদাবাদে যাত্রীর চাপ, সড়কের পাশের কাউন্টারে উপচে পড়া ভিড়

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের এখনও চার দিন বাকি থাকলেও পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপন করতে আগেভাগেই গ্রামের পথে রওনা হচ্ছেন অনেকে।রোববার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। তবে টার্মিনালের চেয়ে সড়কের পাশের বাস কাউন্টারগুলোতেই বেশি ভিড় দেখা গেছে।সায়েদাবাদ বাস টার্মিনালে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ বিভিন্ন রুটের পরিবহণ শ্রমিকদের যাত্রী ডাকতে দেখা যায়। অন্যদিকে সড়কের পাশে থাকা কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।অভিযোগ রয়েছে, এসব কাউন্টারে যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে দুই থেকে তিনগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, চুরি-ছিনতাই ও মলম পার্টির তৎপরতার অভিযোগও রয়েছে।ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। আরও পড়ুন , শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবি নারী সাংবাদিক কেন্দ্রেরতবে সড়কের পাশের কাউন্টারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম থাকায় সেখানে ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা।বাস টার্মিনালের একাধিক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সড়কের পাশে কাউন্টার থাকার কারণে টার্মিনালে আমরা যাত্রী পাচ্ছি না। অথচ টার্মিনালে বাস রাখার জন্য প্রতিদিন টাকা গুনতে হয়। অনেক সময় খাবারের টাকাও জোগাড় করতে কষ্ট হয়।”একাধিক বাস মালিক অভিযোগ করেন, কিছুদিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অভিযান চালিয়ে সড়কের পাশের কাউন্টারগুলো সিলগালা করেছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই সেগুলো আবার চালু হয়ে যায়।তাদের দাবি, সড়কের পাশে কাউন্টার থাকার কারণে যেমন টার্মিনালের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে ভয়াবহ যানজটও তৈরি হচ্ছে।পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কের পাশের অবৈধ কাউন্টার সরিয়ে টার্মিনালকেন্দ্রিক যাত্রীসেবা নিশ্চিত করা না গেলে ঈদযাত্রায় ভোগান্তি আরও বাড়তে পারে।

ঈদযাত্রায় সায়েদাবাদে যাত্রীর চাপ, সড়কের পাশের কাউন্টারে উপচে পড়া ভিড়