ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভের মধ্যেই জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। চার দিনের এই সফরের প্রথম ধাপে সোমবার, ১৯ অক্টোবর, কুয়েতে পৌঁছালে তাঁকে স্বাগত জানান দেশটির আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। সফরের অংশ হিসেবে বুধবারের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারও পরিদর্শন করার কথা রয়েছে ম্যাক্রোঁর। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য। সম্প্রতি ফ্রান্সে জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। গ্রেপ্তার করা হয় আড়াই হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাব্যবস্থার ত্রুটি স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেননি ম্যাক্রোঁ। মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট বলেন, সাধারণ মানুষের বড় উদ্বেগের জায়গা হলো জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। আরও পড়ুন,ভারতসহ নতুন মিত্র খুঁজছে ইসরাইলদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর লক্ষ্যে সরাসরি আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। কুয়েতে সফরের প্রথম দিনের আলোচনায় ফ্রান্সের মালিকানাধীন রেউনিওঁ ও মায়োতে দ্বীপে দ্রুত কেরোসিন ও ডিজেল সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটালএনার্জিস ও অঁজির শীর্ষ কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নতুন চুক্তি হয়েছে এবং এয়ারবাস কুয়েত এয়ারওয়েজের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-ইরান যুদ্ধ, হরমুজ প্রণালিতে প্রতিবন্ধকতা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। জি-সেভেন জোট জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিলেও জ্বালানির দাম কতটা কমবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ম্যাক্রোঁর এই সফর তাই শুধু কূটনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নয়, বরং ফ্রান্সের জ্বালানি সংকট মোকাবিলা ও দেশের অভ্যন্তরীণ চাপ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।