এনসিপির কমিটিতে মৃত তরুণের নাম, একই ব্যক্তির নামও দুইবার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির বর্ধিত তালিকায় ৪০ দিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত এক তরুণের নাম অন্তর্ভুক্ত হওয়ায় নানা আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে তালিকায় ১৫ জনের নাম দুইবার করে রয়েছে বলেও অভিযোগ উঠেছে।দলটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা বর্ধিত কমিটিতে মোট ৩১২ জনের নাম রয়েছে। এর আগে গত ১৪ মে ১৬৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।বর্ধিত কমিটির এক নম্বরে রাখা হয়েছে তাজরিন ফায়াজের নাম। অথচ গত ৭ জুলাই চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ২৮ বছর বয়সী তাজরিন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান।আরও পড়ুন, উত্তরা পূর্বে জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি ঘোষণাএদিকে নতুন কমিটিতে অন্তত ১৫ জনের নাম দুইবার করে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি একই ব্যক্তির নামের পাশে একাধিক পদও উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, বর্ধিত কমিটিতে অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে। এটিকে ‘প্রিন্টিং মিসটেক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগের ১৬৮ সদস্যের কমিটি থেকে জনবল সমন্বয়ের সময় কম্পিউটার ম্যানের ভুলে এমনটি হয়েছে।তিনি জানান, ভুলগুলো সংশোধন করা হবে এবং সংশোধিত কমিটির তালিকা আবার প্রকাশ করা হবে।