দৈনিক সংবাদ দিগন্ত

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ, খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও সংশোধনের জন্য বিস্তারিত সময়সূচি অনুমোদন করেছে কমিশন।শনিবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্তকরণের বিভিন্ন ধাপের সময়সীমা উল্লেখ করা হয়েছে।চিঠিতে বলা হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন। এ অনুযায়ী, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে।নির্বাচন কমিশনের অনুমোদিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ নভেম্বর।আর ও পড়ুন,  প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খানখসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ নভেম্বর। তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত।এ ছাড়া দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর। এসব আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশের শেষ তারিখ ২৪ নভেম্বর। সব প্রক্রিয়া শেষে ২৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা।চিঠিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য মুদ্রিত খসড়া ভোটার তালিকা পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন করার বিষয়ে মানুষকে উৎসাহিত করতে বলা হয়েছে।এ লক্ষ্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে এ কার্যক্রমের তথ্য প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, তথ্য সংশোধন এবং বিদ্যমান ভুলত্রুটি নিরসনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আবেদন করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটাররা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করতেই এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর