দৈনিক সংবাদ দিগন্ত

প্যাডেল রিকশা বন্ধ, ব্যাটারি রিকশায় নীতিমালা চেয়ে আইনি নোটিশ

সারাদেশে প্যাডেলচালিত রিকশা বন্ধ, ব্যাটারিচালিত রিকশার জন্য বৈজ্ঞানিক নীতিমালা প্রণয়ন এবং পরিবেশ রক্ষায় প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বিআরটিএ চেয়ারম্যান এবং এনবিআর চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।নোটিশে বলা হয়, দেশের এক শতাংশেরও কম মানুষ প্রাইভেটকার ব্যবহার করেন। অথচ সড়কের বড় একটি অংশ এসব ব্যক্তিগত গাড়ির দখলে থাকে। পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি ভর্তুকির ওপর চাপ তৈরি হচ্ছে।প্রাইভেটকার থেকে নির্গত ধোঁয়ায় বায়ুদূষণ বাড়ছে দাবি করে নোটিশে ব্যক্তিগত গাড়ির ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং উচ্চহারে পরিবেশ কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।আরও  পড়ুন, ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল: প্রধানমন্ত্রীঅন্যদিকে, প্যাডেলচালিত রিকশাকে ‘আধুনিক দাসত্ব’ হিসেবে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, দারিদ্র্যের কারণে প্রান্তিক মানুষ দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন। এতে অকাল বার্ধক্য ও স্থায়ী শারীরিক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। সংবিধানের ৩৪ অনুচ্ছেদে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ হওয়ায় প্যাডেল রিকশা বন্ধের দাবি জানানো হয়েছে।তবে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ না করে এর জন্য আধুনিক ও বৈজ্ঞানিক নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে। নীতিমালায় এসব যানবাহনের গতি, ব্রেকিং সিস্টেম ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।নোটিশদাতা আইনজীবীর মতে, দেশের বিপুলসংখ্যক মানুষ গণপরিবহন ও রিকশার ওপর নির্ভরশীল। তাই নিরাপদ ব্যাটারিচালিত রিকশাকে পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করে এর ব্যবহার নিয়ন্ত্রণ ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।এ ছাড়া যানজট ও বেকারত্ব কমাতে রাইড শেয়ারিং, রেন্ট-এ-কার এবং মিটারভিত্তিক গাড়ি সেবাকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেটকারের সংখ্যা নিয়ন্ত্রণ করে গণপরিবহন ও নিরাপদ রিকশাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।

প্যাডেল রিকশা বন্ধ, ব্যাটারি রিকশায় নীতিমালা চেয়ে আইনি নোটিশ