নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মিজান স্টোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।আহত মিজান আমানউল্যাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে। তিনি জামায়াতের সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে মিজান নিজের মুদি দোকানে বসে বেচাকেনা করছিলেন। এ সময় মুখোশ পরা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে প্রবেশ করে তাঁকে লক্ষ্য করে কাছ থেকে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের বাঁ পাশ, বাঁ হাত ও বাঁ পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন, সাতক্ষীরায় চাঞ্চল্যকর শামীম হত্যা মামলা: প্রধান আসামি আমিনী গ্রেপ্তারঅবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ দাবি করেন, আহত মিজান তাঁদের দলের সমর্থক। ২০২০ সালেও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। এবারের হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত বলেও দাবি করেন আবু জায়েদ। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।