১ সেপ্টেম্বর থেকে কুয়েতে বন্ধ ভিজিট ভিসা ও ছুটির স্বয়ংক্রিয় নবায়ন
কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারী এবং ছুটিতে থাকা প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও ছুটির অনুমতির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বরের পর ভিজিট ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হলে আর অতিরিক্ত সময় স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রেও বিশেষভাবে দেওয়া অতিরিক্ত সময়ের সুবিধা আর কার্যকর থাকবে না।চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়। এতে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ে কুয়েত ছাড়তে পারেননি। আবার কুয়েতের বাইরে থাকা অনেক প্রবাসীও নির্ধারিত সময়ে দেশটিতে ফিরতে পারেননি।এই পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে আবাসন ও ভিসা আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে কুয়েত সরকার সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা চালু করেছিল।আরও পড়ুন.সৌদিতে নিহত নলডাঙ্গার ৩ প্রবাসীর পরিবারের পাশে জামায়াত তবে এটি ছিল বিশেষ পরিস্থিতির জন্য নেওয়া অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা।এখন সেই সুবিধা বন্ধ হওয়ায় ভিজিট ভিসাধারীদের ভিসার বৈধতার শেষ তারিখ মেনে কুয়েত ত্যাগ করতে হবে। আর ছুটিতে থাকা প্রবাসীদের নির্ধারিত সময়ের মধ্যেই কুয়েতে ফিরতে হবে।বিশেষ করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের নিজেদের ছুটির অনুমতিপত্রের বৈধতা আগেই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সাহেল অ্যাপের মাধ্যমে আবাসন অনুমতিপত্রের বর্তমান অবস্থাসংক্রান্ত সনদকে সরকারি রেফারেন্স হিসেবে বিবেচনা করা হবে।নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর কুয়েতে অবস্থান বা দেশে ফেরার ক্ষেত্রে নিয়ম ভঙ্গ হলে প্রচলিত আবাসন আইনে জরিমানা কিংবা অন্যান্য আইনগত ব্যবস্থা হতে পারে।তবে ১ সেপ্টেম্বর থেকে নতুন কোনো নির্দিষ্ট জরিমানার হার চালু হচ্ছে—এমন ঘোষণা দেয়নি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্দিষ্ট জরিমানার অঙ্ককে সরকারি ঘোষণা হিসেবে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।প্রবাসীদের তাই ভিসা ও ছুটির অনুমতির বৈধতা এখনই যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।