ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টুয়েন্টি’। টেস্ট ও টি-টুয়েন্টির সমন্বয়ে তৈরি এই ফরম্যাটে এক দিনেই শেষ হবে ৮০ ওভারের ম্যাচ। তবে সবচেয়ে বড় চমক, একই দলের হয়ে খেলবেন ছেলে ও মেয়েরা। দুই পক্ষের করা রান যোগ করে নির্ধারিত হবে দলের জয়-পরাজয়। আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে এই নতুন ফরম্যাটের উদ্বোধনী টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন ক্রিকেটার অংশ নেবেন প্রতিযোগিতায়। টুর্নামেন্টে থাকবে চারটি মহাদেশীয় দল। প্রতিটি দলে থাকবেন ৪০ জন ক্রিকেটার—২০ জন ছেলে ও ২০ জন মেয়ে। ম্যাচে ছেলেদের একাদশ খেলবে ছেলেদের বিপক্ষে, আর মেয়েদের একাদশ খেলবে মেয়েদের বিপক্ষে। তবে দুই পক্ষের ম্যাচের ফল আলাদাভাবে গণনা করা হবে না। বরং দুই ইনিংসে করা মোট রান যোগ করে নির্ধারিত হবে বিজয়ী দল। ধরা যাক, একটি দলের মেয়েরা ১২০ এবং ছেলেরা ১৮০ রান করলেন। আরও পড়ুন,শেষ বল পর্যন্ত লড়াই, তবু শিরোপা জিততে পারল না বাংলাদেশসম্মিলিত স্কোর দাঁড়াবে ৩০০। প্রতিপক্ষের মেয়েরা ১০০ এবং ছেলেরা ১৯০ রান করলে তাদের মোট স্কোর হবে ২৯০। ফলে ১০ রানে জয় পাবে প্রথম দল। টেস্ট টুয়েন্টিতে ৮০ ওভারের খেলা হবে দুই পর্বে। প্রথম ৪০ ওভার অনুষ্ঠিত হবে দিনের আলোয় লাল বলে এবং সাদা পোশাকে। পরের ৪০ ওভার হবে ফ্লাডলাইটের আলোয় সাদা বলে ও রঙিন পোশাকে। তবে দুই পর্বের রান যোগ করেই নির্ধারিত হবে চূড়ান্ত ফল। ছেলে ও মেয়েদের ইনিংস হবে ২০ ওভারের। বোলিংয়ের ক্ষেত্রেও থাকবে পৃথক ব্যবস্থা। ছেলেরা বল করবেন ছেলেদের বিপক্ষে, আর মেয়েরা বল করবেন মেয়েদের বিপক্ষে। প্রতিটি একাদশে সর্বোচ্চ পাঁচজন বোলার ব্যবহার করা যাবে। একজন বোলার প্রয়োজনে সর্বোচ্চ ছয় ওভার করতে পারবেন। টসের মাধ্যমে শুধু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নয়, কোন দলের ছেলে বা মেয়েদের একাদশ আগে ব্যাট করবে, সেটিও নির্ধারিত হবে। আয়োজকদের দাবি, ছেলে ও মেয়েদের পারফরম্যান্সকে একই স্কোরবোর্ডে এনে ক্রিকেটে সমান অংশগ্রহণ ও গুরুত্ব নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা গৌরব বাহিরওয়ানি। উপদেষ্টা বোর্ডে রয়েছেন সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও স্যার ক্লাইভ লয়েড। আর ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। নতুন এই ফরম্যাট ক্রিকেটপ্রেমীদের মধ্যে কতটা জনপ্রিয়তা পায় এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।