ভূমি মন্ত্রণালয়ের চাকরির ভাইভায় গিয়ে ধরা ৬ ‘প্রক্সি’ প্রার্থী
ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরি পেতে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ছয় প্রার্থী।শুক্রবার সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১১ এপ্রিল। এরপর গত ১৫ মে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল।ভাইভা চলাকালে কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে পরীক্ষকদের সন্দেহ হয়। আরও পড়ুন, গ্যাস-বিদ্যুৎ সংকটের দায় আমদানি নির্ভর নীতির: পরিকল্পনা প্রতিমন্ত্রীপরে জিজ্ঞাসাবাদে ছয় প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।আটক ছয়জন হলেন—সিরাজগঞ্জের কামারখন্দের মো. রবিউল, রংপুরের মিঠাপুকুরের মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানীর মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জের মো. সবুজ ইসলাম।পরে বিষয়টি শাহবাগ থানাকে জানায় ভূমি মন্ত্রণালয়। রাত ৯টা ৫০ মিনিটের দিকে পুলিশ ছয় প্রার্থীকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।