দৈনিক সংবাদ দিগন্ত

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে পূর্ণ নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাও সবাই যেন নিরাপদে ও নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।আরও  পড়ুন, সারসংকট নিয়ে সরকারের বিরুদ্ধে জামায়াতের অভিযোগজামায়াত আমির বলেন, দেশের অতীত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।বিবৃতিতে তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের পরিবেশ থাকা প্রত্যাশিত।ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং তাঁদের সহযোগিতায় এগিয়ে আসবেন।

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের