দৈনিক সংবাদ দিগন্ত

জন্মাষ্টমীর শোভাযাত্রা শুক্রবার, বিকল্প সড়কে চলার অনুরোধ ডিএমপির

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এ কারণে নগরবাসীকে পুলিশের নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি।বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।ডিএমপি জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হবে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।শোভাযাত্রার নির্ধারিত রুট হচ্ছে—ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।আরও  পড়ুন, জিরো পয়েন্ট থেকে সদরঘাটে হকারমুক্ত সড়ক, মতিঝিলে নাইট মার্কেটশোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুকদের শুরুতেই নির্ধারিত স্থানে যোগ দিতে হবে। মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই ও গ্যাসলাইটারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া নিষিদ্ধ করেছে ডিএমপি।এ ছাড়া শোভাযাত্রার রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া, রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখেও নীরব থাকা যাবে না। এমন কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে এবং ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে বলা হয়েছে।শোভাযাত্রা চলাকালে যানজট এড়াতে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর শোভাযাত্রা সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

জন্মাষ্টমীর শোভাযাত্রা শুক্রবার, বিকল্প সড়কে চলার অনুরোধ ডিএমপির