কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে তুলে নিয়ে যাওয়ার ১৪ ঘণ্টা পর বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন: ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান এবং কনস্টেবল রোহিত। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। এ সময় ব্রাহ্মণপাড়া থানায় নতুন যোগদান করা কনস্টেবল রোহিত পথ চিনতে না পেরে ধাওয়া করতে করতে এক মাদক কারবারির বাড়ির দিকে চলে যান।আরও পড়ুন, প্রতারণা ও বিভিন্ন মামলায় বাসন থানায় পাঁচ আসামি গ্রেপ্তা একপর্যায়ে তিনি ভুলবশত ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ঢুকে পড়লে তাকে আটক করে বিএসএফ। পরে কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করেন বিএসএফ সদস্যরা। পরবর্তী সময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দুপুর দেড়টার দিকে দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে দুপুর পৌনে ২টার দিকে বিজিবির পক্ষ থেকে তাদের বাংলাদেশ পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে কুমিল্লা সীমান্তে বিএসএফেরর হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল মাহবুব মোরশেদ সাংবাদিকদের বলেছিলেন, ‘যোগাযোগ চলছে, আমরা তাদের ফেরত পাব। সেই প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের আনহার্মড (অক্ষত) রাখা হয়েছে। তাদের ফেরত আনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।