বাংলা পঞ্জিকায় এখন আশ্বিন মাস। শীতের আনুষ্ঠানিক আগমনে এখনো কিছুটা সময় বাকি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া অনুভূত হচ্ছে। রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করেছে। তবে শীতের পূর্ণ আমেজ পেতে আরও এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ শুরু হতে পারে। গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে তিনি ধারণা দিয়েছেন, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে।আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত অনুভূত হতে পারে। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের বেশির ভাগ অঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন, তিন বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাডিসেম্বর মাসে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে শীতের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলেও জানিয়েছেন এ কে এম নাজমুল হক। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।এদিকে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ অক্টোবর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।রাজধানীতে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলেও ঘনবসতি ও নগরায়ণের কারণে শীতের অনুভূতি স্পষ্ট হতে আরও সময় লাগতে পারে। ফলে এখনই শীতের প্রস্তুতি নেওয়ার সময় না এলেও নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যেতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।