দৈনিক সংবাদ দিগন্ত

রংপুরে আনন্দ ও বিষাদে দেবী দুর্গার বিদায়

পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব ও নানা আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে রংপুর নগরীসহ জেলার ৯৬৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দেবীর বিদায়পর্ব। কোথাও শেষ অর্ঘ্য নিবেদন, কোথাও ঐতিহ্যবাহী সিঁদুর খেলা, আবার কোথাও প্রতিমা বিসর্জনের আয়োজন। উৎসবের আনন্দের পাশাপাশি প্রিয় দেবীকে বিদায় জানানোর মুহূর্তে ভক্তদের মধ্যে ছিল বিষাদের আবহ। বুধবার বিকেলে রংপুরের বিভিন্ন পূজামণ্ডপে দেবীর চরণে শেষ অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বিজয়া দশমীর পূজা সম্পন্ন হয়। ধর্মীয় রীতি অনুযায়ী দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় প্রতিমা বিসর্জন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। নগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দির, কেন্দ্রীয় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপে ছিল আবেগঘন পরিবেশ। নারীরা সিঁদুর খেলায় অংশ নিয়ে একে অপরকে শুভেচ্ছা ও মঙ্গলকামনা জানান। সনাতন ধর্মাবলম্বী মুকুল কুমার, দেবু দাস ও প্রমেদি বলেন, বিজয়া দশমী শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয়ের প্রতীক।আরোও পড়ুন,সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দাতাঁদের প্রত্যাশা, পৃথিবী থেকে হিংসা, হানাহানি ও অশান্তি দূর হয়ে প্রতিষ্ঠিত হবে শান্তি, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তাঁরা আরও আশা প্রকাশ করেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। এদিকে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, উৎসবের নিরাপত্তায় রাখা হয় চার স্তরের ব্যবস্থা। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, ধর্মসভা ও কালীবাড়ি মন্দির এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন প্রস্তুত ছিল। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। তবে উৎসবের আনন্দ, সম্প্রীতি ও মিলনের স্মৃতি নিয়ে আগামী বছরের অপেক্ষায় থাকবেন ভক্তরা। তাঁদের প্রার্থনা—অশুভের বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক, শান্তি ও মানবিকতায় সুন্দর হয়ে উঠুক পৃথিবী।

রংপুরে আনন্দ ও বিষাদে দেবী দুর্গার বিদায়