সরকার ভুল করলে আঙুল দিয়ে ধরিয়ে দিন: আইনমন্ত্রী
বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, কাজ করলে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।বুধবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।আরও পড়ুন, পুলিশকে ধীরে ধীরে জনবান্ধব করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।তিনি বলেন, দেশকে গণতন্ত্র ও আইনের শাসনের স্বাদ দিতে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিজম আর ফিরে আসতে না পারে। একই সঙ্গে ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানে আইনমন্ত্রী ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর কার্যক্রমের প্রশংসা করেন। দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রতিভা বিকাশ এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি।