শারদীয় দুর্গোৎসবে দেবী বন্দনার পাশাপাশি বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে ব্যতিক্রমী সাজসজ্জায় সেজেছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পূজামণ্ডপ। কোথাও সোনালি আঁশ পাটের ব্যবহার, কোথাও টেরাকোটায় পৌরাণিক কাহিনি, আবার কোথাও তালপাতার পাখা ও গাজীর পটের মতো লোকজ শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামবাংলার চিরচেনা রূপ। এসব নান্দনিক আয়োজন দেখতে পূজার শুরু থেকেই মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা।শিল্প, সাহিত্য ও সংস্কৃতির জনপদ হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার পূজামণ্ডপগুলোতে এবার থিমভিত্তিক সাজসজ্জায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌর এলাকার রামঠাকুর ক্লাবের মণ্ডপে টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনি। মাটির ফলকে ফুটে উঠেছে পৌরাণিক আখ্যান, ইতিহাস ও সৃজনশীলতার মেলবন্ধন।দক্ষিণ কালীবাড়ির মণ্ডপে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ পাটকে সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মহাদেবপট্টির পুষ্পাঞ্জলি সংসদের মণ্ডপেও রয়েছে সৃজনশীলতার ছাপ। জেলার বিভিন্ন মণ্ডপে তালপাতার পাখা ও গাজীর পটের মতো ঐতিহ্যবাহী লোকশিল্পের উপস্থাপন দর্শনার্থীদের আকৃষ্ট করছে।আরও পড়ুন, বেগমগঞ্জে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ব্যবসায়ী তদন্তে পুলিশরামঠাকুর আশ্রমের শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত চিত্রশিল্পী দীপ্ত মোদক বলেন, তাঁদের মণ্ডপে টেরাকোটার মাধ্যমে অসুর বধের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। দর্শনার্থীদের আয়োজনটি ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।স্থানীয় ব্যবসায়ী সন্দিপন পাল বাবন বলেন, পৌর এলাকার বিভিন্ন মণ্ডপে এবার সাজসজ্জায় ভিন্নতা এসেছে। থিমভিত্তিক আয়োজনগুলো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি সঞ্জীব সাহা বাপ্পী জানান, এবার জেলায় মোট ৬২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা সদরের বেশ কয়েকটি মণ্ডপে নতুনত্ব রয়েছে।এদিকে পূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্ত এলাকার মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। জেলা সদরের একাধিক মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।দেবী বন্দনার পাশাপাশি দেশীয় শিল্প ও লোকজ ঐতিহ্যের এমন উপস্থাপন নতুন প্রজন্মের কাছে বাংলার সাংস্কৃতিক শেকড় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।