কমদামি সিগারেটের দাম আবারও বাড়িয়েছে সরকার। নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বুধবার ১৬ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।বর্তমানে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের দাম ৯২ টাকা। উচ্চ স্তরের দাম ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম ২১০ টাকা ও তদূর্ধ্ব নির্ধারিত রয়েছে।এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।আরও পড়ুন, আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন ওই বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়।এবার নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়ানো হলো। ফলে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য দাঁড়াল ৬৫ টাকা।বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা করা হয়েছিল। একইভাবে উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়।সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর পরই নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করল জাতীয় রাজস্ব বোর্ড।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।