নিরাপত্তা উদ্বেগের কারণে স্থগিত করা হয়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বা এফআইআই। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। চলতি মাসের শেষ দিকে রিয়াদে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী বছর পর্যন্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত আয়োজকদের এক বিবৃতিতে জানানো হয়, ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় সম্মেলনটি আপাতত হচ্ছে না। আগামী বছর কবে সম্মেলন আয়োজন করা হবে, সেই তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। শুরুতে সরাসরি আয়োজনের পাশাপাশি ভার্চ্যুয়ালি অংশগ্রহণের সুযোগ রাখার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পুরো আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহা বিনতে মিশারি আল সৌদ বলেছেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সম্মেলনের দশম আসর হওয়ায় আয়োজনটি প্রত্যাশা অনুযায়ী মানসম্মত ও স্মরণীয় করতে চায় কর্তৃপক্ষ। আরও পড়ুন,নেতানিয়াহুকে ঘিরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক অভিযোগসাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুতিদের হামলার আশঙ্কা ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। রাজধানী রিয়াদসহ বিভিন্ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার খবরের কারণে দেশটিতে ভ্রমণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সম্মেলনে অংশ নিতে যাওয়া আন্তর্জাতিক অতিথিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ‘মরুভূমির দাভোস’ নামে পরিচিত এই সম্মেলনে প্রতিবছর বিভিন্ন দেশের নেতা, মন্ত্রী, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তিরা অংশ নেন। এবারের আয়োজনে অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান লরেন্স ফিঙ্কের বক্তব্য দেওয়ার কথা ছিল। সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে বিদেশি পুঁজি আকর্ষণই এর অন্যতম লক্ষ্য। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে সম্মেলন স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং সৌদি আরবের বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপনের এই গুরুত্বপূর্ণ আয়োজন পিছিয়ে গেল। আগামী বছর নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।