দৈনিক সংবাদ দিগন্ত

আমি এখানে সচিব হয়ে আসিনি,এই গ্রামের সন্তান হয়ে এসেছি: সড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক

আশরাফুল ইসলাম সবুজ,(নরসিংদী) :- “আমাকে পর মনে করার কিছু নেই। অনেকে বলছেন, সচিব এসেছেন। আসলে আমি এখানে সচিব হয়ে আসিনি, আমি এই গ্রামের সন্তান এবং এই গ্রামের সন্তান হয়ে এসেছি। আপনারা এখানে যারা বসে আছেন,তাঁদের অধিকাংশই আমার আত্মীয়-স্বজন। অধিকাংশ নয়, আমি মনে করি, আপনারা প্রত্যেকেই আমার আত্মীয়-স্বজন। আপনাদের সঙ্গে নিয়েই আমি কাজ করতে চাই।” এভাবেই নিজের জন্মভূমির মানুষের সঙ্গে আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং চর আড়ালিয়া ইউনিয়নের কৃতিসন্তান ড. মোহাম্মদ জিয়াউল হক। শনিবার (১০ অক্টোবর) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের সভাপতি হিসেবে প্রথম সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ড. জিয়াউল হক বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বিদ্যালয়টির শিক্ষার মান এমন পর্যায়ে নিয়ে যেতে চান, যাতে অন্য এলাকার শিক্ষার্থীরাও এখানে ভর্তি হয়ে পড়াশোনা করতে আগ্রহী হন। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে তিনি বিশেষ মনোযোগ দিতে চান। এ লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, তাঁর পূর্বপুরুষেরা এই বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আরও পড়ুন,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিজলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিতপাশাপাশি এলাকাবাসীও তাঁকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন। এসব বিষয় বিবেচনা করেই তিনি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে কাজ করতে চান তিনি। এলাকার সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সড়ক বিভাগের সচিব বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, খেলাধুলা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। চর আড়ালিয়া ইউনিয়নে একটি স্টেডিয়াম প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এ ছাড়া একটি হাসপাতাল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন,সাধারণ শিক্ষার পাশাপাশি এলাকার শিক্ষার্থীরা যেন কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে ব্যবস্থাও করতে চান। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চর আড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার, বর্তমান চেয়ারম্যান মাসুদা জামান,দুইবারের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জাজু, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আতাউর রহমান মিঠু, বিদ্যালয়ের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইসমাইল মোল্লা, চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহার মাস্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী, বিশিষ্ট সমাজসেবক মন্টু কাজী, অভিভাবক সদস্য কামাল মেম্বার এবং নরসিংদী জেলা নাসিবের সভাপতি কে এম রুস্তম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম রফিকুল হক ও সিরাজুল হকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে খেলাধুলায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আমি এখানে সচিব হয়ে আসিনি,এই গ্রামের সন্তান হয়ে এসেছি: সড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক