দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি ৭৬ লাখ ছাড়িয়েছে

বাংলাদেশে ডিজিটাল সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সম্প্রসারিত হচ্ছে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগের পরিধি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে পাঁচ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার বেড়ে ৫৯.২ শতাংশে দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৫৫ শতাংশ। তবে ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও কম্পিউটার ব্যবহার ও পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে তেমন অগ্রগতি নেই।বিবিএসের ‘আইসিটি ব্যবহার ও প্রয়োগ জরিপ ২০২৫-২৬’-এর চতুর্থ প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের হার ৮৯.৬ শতাংশে পৌঁছেছে, যা আগের বছর ছিল ৮৮.২ শতাংশ। স্মার্টফোন ব্যবহারের হারও ৭৪.৮ শতাংশ থেকে বেড়ে ৭৫.১ শতাংশ হয়েছে। পরিবার পর্যায়ে প্রায় ৯৯ শতাংশ পরিবারে মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে।অন্যদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে দেশে মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়ে ১৩ কোটি ৭৬ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। একই সময়ে ইন্টারনেট পেনিট্রেশন রেট ৭৩.২৮ শতাংশ থেকে বেড়ে ৭৭.৮৯ শতাংশ হয়েছে।আরও  পড়ুন, দুই দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাসবিটিআরসির তথ্য বলছে, আগস্টে মোট মোবাইল গ্রাহক সংখ্যা ১৯ কোটি ১০ লাখ ৯০ হাজারে পৌঁছেছে, যা জানুয়ারিতে ছিল ১৮ কোটি ৫৮ লাখ। একই সময়ে চতুর্থ প্রজন্মের (৪জি) গ্রাহক সংখ্যা বেড়ে ১২ কোটি ২৭ লাখ ১০ হাজার হয়েছে। বিপরীতে তৃতীয় প্রজন্মের (৩জি) গ্রাহক সংখ্যা কমে ১০ লাখ ৫০ হাজারে নেমেছে।তবে ডিজিটাল অংশগ্রহণে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিবিএসের জরিপে দেখা গেছে, ৮৯.৬ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও ব্যক্তিগত মালিকানা রয়েছে ৬৫.৬ শতাংশের। অর্থাৎ, অনেকেই অন্যের ফোন ব্যবহার করে ডিজিটাল সেবা গ্রহণ করছেন।এদিকে, ব্যক্তি পর্যায়ে কম্পিউটার ব্যবহারের হার মাত্র ১১.৮ শতাংশ। পরিবার পর্যায়ে কম্পিউটার মালিকানা ৯.১ শতাংশে নেমেছে। একই সঙ্গে পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার ৫৯.৭ শতাংশ থেকে কমে ৫৮.২ শতাংশ হয়েছে।বিবিএস জানিয়েছে, কম্পিউটার-সহায়তায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পরিচালিত এ জরিপে প্রতি প্রান্তিকে ৬১ হাজার ৬৩২টি পরিবার অন্তর্ভুক্ত করা হয়। জেলা ভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের ডিজিটাল প্রবেশাধিকার ও ব্যবহারের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি নীতিনির্ধারণে সহায়তা করাই এ জরিপের অন্যতম লক্ষ্য।

দেশে ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি ৭৬ লাখ ছাড়িয়েছে