দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং অস্বাভাবিক হারে বাড়ছে উৎপাদন ব্যয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাঁর দাবি, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাকশিল্পে উৎপাদন ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে। এ পরিস্থিতি দেশের রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।মামুনুল হক বলেন, দেশে জ্বালানি সংকটের কারণে উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্প খাত মারাত্মক চাপে রয়েছে। তৈরি পোশাকশিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি। কিন্তু জ্বালানি সংকটে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে উৎপাদনের পরিমাণ কমছে বলে তিনি দাবি করেন।আরও পড়ুন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনায় গোলাম পরওয়ারসরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশে দলীয়করণ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষও চাপে পড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে অর্থনীতি ও শিল্প খাতে আরও সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।জুলাই আন্দোলন, রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় প্রসঙ্গে মামুনুল হক বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতার পরিবর্তন ছিল না; বরং বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠন ছিল এর অন্যতম প্রত্যাশা। এ লক্ষ্য অর্জনে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রয়োজন। তাঁর বক্তব্য অনুযায়ী, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।সমাবেশে আগামী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের নাম ঘোষণা করেন তিনি।বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মোস্তফা আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আফসার জিহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এ সময় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।