বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় যুবলীগ নেতা জাকির ও নেত্রী রোজি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় যুবলীগের এক নেতা ও এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য।পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় তাদের আটক করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ।গ্রেপ্তার জাকির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অপরদিকে খালেদা আক্তার রোজি কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে।পুলিশ আরও জানায়, খালেদা আক্তার রোজি সাবেক সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।আরও পড়ুন, গভীর রাতে শীতার্তদের পাশে রূপগঞ্জ ইউএনও মোঃ সাইফুল ইসলামএদিকে জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নৌ চাঁদাবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, বালু ব্যবসাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামি তিনি।ওসি মো. মহিবুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত দুই যুবলীগ নেতা-নেত্রীকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।