গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে বিকাশের টাকার গাড়িতে হামলা চালিয়ে তিন কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় বিকাশের শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করা হয়। হামলায় তার দুই সহকর্মী ও গাড়িচালকও আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহত হিমেল আহমেদ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিমের ছেলে। আহত অন্যরা হলেন ফাহাদ হোসেন (৩৫), রিফাত (৩০) ও গাড়িচালক লাল মিয়া (৩২)। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে কর্মরত বলে জানা গেছে।আহতদের মধ্যে হিমেলের পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আহত ফাহাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা চার সহকর্মী নরসিংদী সদরে বিকাশের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চারটি বস্তায় মোট চার কোটি টাকা নিয়ে একটি প্রাইভেটকারে মাওনার উদ্দেশে রওনা হন।গাড়িটি গোসিংগা পার হয়ে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিলেন বলে জানান তিনি।ফাহাদের দাবি,আরও পড়ুন, মেহেরপুর সীমান্তে শিশুসহ ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের হামলাকারীরা প্রথমে গাড়ির সামনের কাচ ভেঙে হিমেলকে গুলি করে। পরে চালকের পাশের কাচ ও তার বসার পাশের দরজার কাচ ভেঙে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। এতে তিনি ও গাড়িচালক আহত হন।তিনি আরও জানান, গাড়ির পেছনে রাখা চার বস্তা টাকার মধ্যে তিনটি বস্তা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিটি বস্তায় এক কোটি টাকা ছিল বলে তার দাবি। হামলার প্রায় দুই মিনিটের মধ্যে টাকা নিয়ে তারা শ্রীপুরের দিকে পালিয়ে যায়। পরে ফাহাদ নিজেই গাড়ি চালিয়ে আহত সহকর্মীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে, যা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনার সময় তিনি ময়মনসিংহ হাইওয়েতে টহলে ছিলেন। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে শ্রীপুর হাসপাতালে গিয়ে আহতদের দেখতে পান।ওসি বলেন, নরসিংদী থেকে বিকাশের টাকা নিয়ে আসার পথে কর্ণপুর এলাকায় গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে এবং আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।