বক্তব্যের সুযোগ না পেয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি
রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়া নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ উঠেছে। এতে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপি নেতাদের বক্তব্য শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ কেন পাবেন না—এ নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই সমাবেশস্থলে উত্তেজনা তৈরি হয়।আরও পড়ুন, পুবাইলে নিজ ঘর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একপর্যায়ে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। ছোড়াছুড়ি করা হয় সমাবেশে ব্যবহৃত চেয়ারও। এতে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।
পরে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ আহত হননি।
তবে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর বুলেট। তার দাবি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করেই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদ সদস্য নিজে উত্তেজিত নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার আহ্বান জানালেও তারা তা না মেনে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন।
দুর্গাপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, তিনি ছুটিতে ছিলেন। তবে সমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।