চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নভেম্বরে স্থানীয় নির্বাচন : ইসি সচিব
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।ইসি জানায়, ৩১ জুলাই পর্যন্ত ১৮ বছর বয়স পূর্ণ হয়েছে—এমন নাগরিকদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আগের তালিকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।নতুন তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।আরও পড়ুন, মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল, অক্টোবর থেকে নতুন বেতনইসি সূত্র জানায়, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং নিষ্পত্তির নির্ধারিত প্রক্রিয়া শেষে সোমবার হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে। ভোটের ৪৫ দিন আগে তফসিল ঘোষণার নিয়ম অনুযায়ী, নভেম্বরে নির্বাচন হলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা হতে পারে।কমিশন সূত্র বলছে, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে পৌরসভা নির্বাচনও আয়োজন করা হতে পারে। পরে উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।