রায়পুরায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক, পুলিশের সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য
নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর। এ সময় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান ও পরিদর্শক (অপারেশন) নাজমুল হাসান উপস্থিত ছিলেন।পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে আটক করা হয়। স্থানীয়দের সহযোগিতায় সমীবাদ বাজারে খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। আরও পড়ুন, লড়াই, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরবর্তমানে তিনি রায়পুরার সমীবাদ এলাকায় তার মামার বাড়িতে বসবাস করছিলেন।সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর জানান, আটকের সময় সাব্বিরের কাছ থেকে বিভিন্ন মাপের লোহার পাইপ, লোহার স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও বিভিন্ন আকৃতির লোহার টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহার অংশ এবং একটি ফায়ারকৃত কালো রঙের শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা সরঞ্জামগুলো আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।