দৈনিক সংবাদ দিগন্ত

১৩ মহানগরীতে ৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ৬৮৩ কোটি টাকার প্রকল্প

দেশের ১৩টি মহানগরীর ৫১ হাজারের বেশি বেকার ও চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।‘দেশের সকল মহানগরীতে কর্মহীন যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরি করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। অনুমোদনের জন্য প্রস্তাবটি ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের অন্তত ৬০ থেকে ৭০ শতাংশকে আয়মূলক কাজে যুক্ত করাই প্রকল্পের অন্যতম লক্ষ্য।প্রশিক্ষণে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, অনলাইন মার্কেটপ্লেসে কাজের পদ্ধতি, প্রোফাইল ও পোর্টফোলিও তৈরি, বিডিং, কাজ পাওয়ার কৌশল এবং বিদেশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের বিষয়ও শেখানো হবে।আরও  পড়ুন, ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের উদ্যোগ প্রধানমন্ত্রীরপ্রশিক্ষণ শেষে সনদ, মেন্টরশিপ, জব লিংকেজ ও ফলোআপ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণার্থীদের ল্যাপটপসহ প্রযুক্তিগত সরঞ্জাম দেওয়ার কথাও রয়েছে প্রকল্প প্রস্তাবে।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ মহানগরীতে এ প্রশিক্ষণ দেওয়া হবে।প্রকল্পে নিম্নআয়ের ও প্রান্তিক তরুণদের পাশাপাশি নারীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। মোট প্রশিক্ষণার্থীর ৩০ থেকে ৪০ শতাংশ নারী রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দেশের চাকরির বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে তরুণদের যুক্ত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে শুধু প্রশিক্ষণ নয়, নিয়মিত অনুশীলন ও দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৩ মহানগরীতে ৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ৬৮৩ কোটি টাকার প্রকল্প