চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার অন্যতম আসামি মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে কাশেমকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা সম্ভব হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।আরো পড়ুন , ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বাড়ছে, একদিনে নতুন শনাক্ত ৩৩বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, কাশেমের বিরুদ্ধে র্যাব-৭ এর ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে।উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি গুলিতে চার র্যাব সদস্য আহত হন এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ডিএডি মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করা হয়।এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। কাশেমের গ্রেপ্তারকে এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।